স্বাধীনতা
স্কুলজীবনে স্বাধীনতা শব্দটার প্রকৃত অর্থ আমার কাছে খুব একটা পরিষ্কার ছিল না। বিভিন্ন সময় নানা মাধ্যমে এই শব্দের হরেক রকম সংজ্ঞা শুনেছি। স্বাধীনতা দিবসের সকালে গলা ছেড়ে জাতীয় সংগীত গেয়েছি; বলিদান, শহীদ কিংবা দেশপ্রেম—এই শব্দগুলো তখন কেবল বইয়ের পাতায় পড়া বা বক্তৃতায় শোনা । মাটি কে মাটির মতো বুঝতে এক যুগ লেগে যায় । এই বোধ একটি বইপাঠ বা একটি মিছিল স্লোগান দিয়ে হয় না, তার জন্য অনেক সময়, একটা আস্ত জীবন অতিবাহিত করে দিতে হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে আঠারো বছর বয়স হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলাম। পোস্টিং হলো ব্যাঙ্গালোরের জালাহাল্লি ইস্টে। খুব রগড়াপট্টি হলো। দেশপ্রেম নিয়ে ধারণাটা তখনও অস্পষ্টই রয়ে গেল। দিনের পর দিন প্যারেড, 'ডাইনে দেখ', 'সালামি সজ্জ'—ট্রেইনিং সমাপ্ত হলো । তখনও পর্যন্ত আমার কাছে স্বাধীনতা দিবস মানে ছিল ১৫ই আগস্ট আর একটা তেরঙ্গা পতাকা উত্তোলন মাত্র।
সময়টা সম্ভবত ১৯৯৪ সালের ডিসেম্বর মাস। আমার পোস্টিং তখন জম্মু-কাশ্মীরে। ট্যাক্সি ট্র্যাকে আমাদের প্যারেড চলছে, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেড করতে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে। এমন সময় একটি এম.আই - ১৭ (MI-17) হেলিকপ্টার এসে ল্যান্ড করল। ভেতরে ছিল আমার এক বন্ধুর নিথর দেহ। থয়েস (Thoise) বেসক্যাম্প থেকে ফেরার পথে একটি মিসাইল তাদের হেলিকপ্টারকে আঘাত করে। হেলিকপ্টারটি টুকড়ো টুকড়ো হয়ে পাহাড়ের খাদে পড়ে যায় । মৃত পাইলট ও অন্যান্য বায়ুসৈনিক সহকর্মীদের দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মৃতদেহগুলো ত্রিরঙ্গা পতাকায় মোড়া। সেখানে কোনো কান্নার ভিড় ছিল না, ছিল এক গম্ভীর স্তব্ধতা। আমরা আমাদের সহসৈনিকদের শেষ সালাম জানালাম। সেই প্রথম আমি মনে মনে খুঁজতে শুরু করলাম—দেশ আসলে কী? আর এই ত্রিরঙ্গা পতাকাই বা কী জিনিস?
সেবার কোন কারণে আর দিল্লিতে প্যারেডে যাওয়া হলো না। ঠিক হলো জম্মু মৌলানা আজাদ স্টেডিয়ামে ২৬শে জানুয়ারির প্যারেডে আমরা অংশ নেব। আর্মি, এয়ারফোর্স, নেভি, প্যারামিলিটারি থেকে শুরু করে এনসিসি—সবাই কুচকাওয়াজে অংশ নেবেন। স্টেডিয়াম দর্শকে ঠাসা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী আর পুলিশ প্রশাসনের পরিবারে পরিপূর্ণ। রাজ্যপাল সালামি নেবেন, তার জন্য উঁচু ডায়াস বানানো হয়েছে। ডায়াসের চারপাশ আধুনিক অস্ত্রে সজ্জিত রক্ষীদের পাহারা আর দুটি বিশালাকার টবে সুগন্ধি ফুলে সাজানো ফুলদানি ।
প্যারেড শুরু হলো। প্রথম স্কোয়াডে আর্মি, তারপর আমাদের এয়ারফোর্সের সারি। আমি মাঝের সারিতে থ্রি-নট-থ্রি রাইফেল হাতে মার্চ করছি। ডায়াসের কাছে পৌঁছেই ‘ডাইনে দেখ’ কমান্ড মেনে আমাদেরকে ঘাড় ঘুরিয়ে রাজ্যপালকে স্যালুট দিতে হবে। আমাদের ঠিক আগের স্কোয়াডটি ছিল আর্মির। তাদের কমান্ডার যেই ‘ডাইনে দেখ’ বলে উচ্চ স্বরে কমাণ্ড দিলেন অমনি—বুউউউউউম!
ভয়াবহ এক শব্দে কেঁপে উঠল চারিদিক। ডায়াসের সেই সুদৃশ্য ফুলদানি থেকে লুকিয়ে রাখা আর.ডি.এক্স প্রকাণ্ড শব্দে ফেটে চারদিক ছিন্নভিন্ন করে দিল। । ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। দেখলাম, ধোঁয়ার ভেতর থেকে দুজন আর্মি জওয়ানের ছিন্নভিন্ন দেহ ছিটকে ডায়াসের সামনে এসে পড়ল। রাজ্যপাল জেনারেল কেভি কৃষ্ণ রাও আহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেলেন। আমাদের এয়ারফোর্স কমান্ডার দমে গেলেন না, তিনি শান্ত স্বরে নির্দেশ দিলেন—‘কন্টিজেন, কন্টিনিউ মার্চ’।
আমরাও থামলাম না। মৃতদেহ আর রক্তের ওপর দিয়েই প্যারেড চললো । যেই আমাদের 'ডাইনে দেখ' এর সময় এলো, আবার বুউউউম । ভিআইপি বক্সে দ্বিতীয় বিস্ফোরণটি হলো। আকাশের কালো কালো ধোয়া থেকে যেন মানুষের মাংসপিণ্ড বৃষ্টির মতো ঝরে পড়তে লাগলো । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজ্যপাল শেষ পর্যন্ত নির্দেশ দিলেন—‘স্টপ প্যারেড। গো ব্যাক টু সেফ প্লেস।’ কিছুক্ষণের জন্য বিরতি হলো । স্টেডিয়াম ছাড়লাম না আমরা কেউ।
কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ও প্রশাসন, এলাকাটি তল্লাশি করে স্টেডিয়াম নিরাপদ ঘোষণা করলো । প্যারেডটি শেষ করতে হবে । প্যারেডের চেষ্টা করা হলো। কিন্তু এবার বিস্ফোরণ হলো দর্শকদের গ্যালারির পেছনের দিকে। পুরো স্টেডিয়াম থরথর করে কেঁপে উঠল। তখন আর কারও বুঝতে বাকি রইল না যে, এই মাটির নিচেই বিছিয়ে রাখা আছে বিস্ফোরণের মরণফাঁদ। যে কোন খানে, মাটির ভিতরেই পাতা থাকতে পারে আর ডি এক্সের জাল ।
ত্রিরঙ্গা, তাকে পতাকা ভাবলেই পতাকা । মাটি, তাকে মাটি ভাবলেই মাটি। মাটির ভিতরেই মা শব্দটিও লুকিয়ে আছে।এই পবিত্র মাটি যেমন নিজ বুক চিরে সোনার ফসল ফলায়, তেমনি তা শান্ত করে আমাদের ক্ষুধিত পেটের অনন্ত হাহাকার। জননীর রক্তে যেমন সন্তানের প্রাণ স্পন্দিত হয়, তেমনি এই মাটির প্রতিটি ধূলিকণায় লুকিয়ে রয়েছে আমাদের জীবন ও বেঁচে থাকার সমস্ত রসদ। আদিকাল থেকেই মা ও মাটি মিলেমিশে একাকার হয়ে গেছে; কারণ দুজনই আমাদের জীবনদাতা, নিঃশর্ত আশ্রয়দাতা এবং অন্তিম শান্তির ঠিকানা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে এই দুই সমার্থক পবিত্র সত্তা। । আর এই মাটিরই গভীরে মানুষের বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে নিজের মারণ বোমা ।
আজ বুঝি, স্বাধীনতা কোনো উৎসব নয়; স্বাধীনতা মানে এই রক্তে ভেজা মাটির টান আর সেই পতাকাকে রক্ষা করার কঠিন অঙ্গীকার। প্রতিকূল মাটির ওপরেই একদল মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে পতাকাটা উঁচুতে তুলে ধরা যায়। বুঝতে বুঝতে মানুষের এক জীবন কেটে যায়।
Comments
Post a Comment